শাপলা’র পরিবর্তে প্রতীক বেছে নিতে এনসিপিকে চিঠি ইসির

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:২৮ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আগামী ৭ অক্টোবরের মধ্যে নতুন প্রতীক বেছে নিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধনের প্রাথমিক অনুমোদন পেলেও দলটির পছন্দের প্রতীকের তালিকায় প্রথমে থাকা ‘শাপলা’ নির্বাচন পরিচালনা বিধিমালার তালিকায় না থাকায় এটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়।

গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইসির সিদ্ধান্তের বিষয়ে এনসিপিকে চিঠি পাঠান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

চিঠিতে বলা হয়, এনসিপি নিবন্ধনের জন্য আবেদন করেছিল, যা প্রাথমিক পর্যালোচনায় গ্রহণযোগ্য হয়েছে। আবেদনপত্রে দলটির পছন্দের প্রতীকের ক্রমানুসারে শাপলা, কলম ও মোবাইল উল্লেখ ছিল। তবে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধি ৯(১) অনুযায়ী বরাদ্দযোগ্য প্রতীকের তালিকায় বর্তমানে ‘শাপলা’ নেই।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৯০৮ (১) (খ) অনুযায়ী, কোনো দল কর্তৃক মনোনীত সব প্রার্থীর জন্য ইসির নির্ধারিত তালিকা থেকে একটি প্রতীক বরাদ্দ করা হবে। পরবর্তীতে দল চাইলে প্রতীক পরিবর্তনের সুযোগ থাকলেও বর্তমানে অব্যবহৃত প্রতীকগুলোর মধ্যে থেকে দ্রুত একটি বেছে নিতে হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, দলের নিবন্ধন সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নিতে এনসিপিকে অবশ্যই আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে প্রতীকের নাম জানাতে হবে।