কাঁচপুর সেতুতে সড়ক দুর্ঘটনায় ২ ট্রাকচালক নিহত

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:১৩ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬

নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর সেতুতে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। তারা দুজন ট্রাকচালক বলে ধারণা করছে হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজনের নাম মো. রাকিব বলে জানা গেছে। তার বাড়ি রংপুর জেলায়। তবে অপরজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাস উদ্দিন বলেন, ভোরে কাঁচপুর সেতুর ওপর একটি ট্রাক বিকল হয়ে পড়ে। পরে আরেকটি ট্রাকের সাহায্যে সেটিকে ঢাকার দিকে টেনে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় ট্রাকটি ডিভাইডারের সঙ্গে আটকে যায়। এরপর ট্রাক রেখে ওই দুইজন রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ অজ্ঞাতনামা একটি যানবাহন তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

ওসি জুলহাস উদ্দিন আরও বলেন, নিহতরা দুজনই একই মালিকের ট্রাক চালক। তাদের চালানো দুটি ট্রাকের মধ্যে একটি বিকল হয়ে গেলে তারা অন্য ট্রাকের সাহায্যে সেটিকে সরানোর চেষ্টা করছিলেন। এ সময় দুর্ঘটনা ঘটে।