জুলাই সনদ বাস্তবায়নে সংসদ নির্বাচনের দিন গণভোটের পরামর্শ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:২৬ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

জুলাই সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো সংবিধান আদেশের (সিও) মাধ্যমে বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে এ আদেশের ওপর জনগণের বৈধতা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতির উপায় নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলা সংলাপের তৃতীয় দিনে এটি উত্থাপন করে জাতীয় ঐকমত্য কমিশন।

কমিশন গত রোববার (১৪ সেপ্টেম্বর) বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে। সেখানে জুলাই ঘোষণাপত্রের ২২ ধারা অনুযায়ী সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের সংবিধান সম্পর্কিত বিষয়গুলো বাস্তবায়ন করার সুপারিশ করেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের সুপারিশে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ ২০২৫-এ মূল সংস্কারগুলোকে অন্তর্ভুক্ত করে জুলাই ঘোষণাপত্রের ২২ অনুচ্ছেদের ক্ষমতাবলে একটি ‘সংবিধান আদেশ’ (সিও) জারি করতে পারে। এ সাংবিধানিক আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। সাংবিধানিক আদেশকে একটি গণভোটে উপস্থাপন করা যেতে পারে, যা আগামী সাধারণ নির্বাচনের দিন একসঙ্গে অনুষ্ঠিত হবে। সাংবিধানিক আদেশে গণভোটের বিধানও অন্তর্ভুক্ত করা যেতে পারে। যদি সাংবিধানিক আদেশ জনগণের অনুমোদন পায় গণভোটের মাধ্যমে, তবে তা প্রণয়ন তারিখ থেকে বৈধ বলে গণ্য হবে।