এবার পূজায় মদ-গাঁজার আসর বসানো যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৪:১৩ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬

এবার শারদীয় দুর্গা পূজায় মদ-গাঁজার আসর বসানো যাবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পূজামণ্ডপগুলোতে টানা ২৪ ঘণ্টা নজরদারি থাকবে এবং নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক আনসার সদস্য মোতায়েন করা হবে। পূজা উপলক্ষে বসা মেলায় কোনোভাবেই মদ-গাঁজার আসর চালানো যাবে না।

সোমবার (০৮ সেপ্টেম্বর) শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভার আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্ডার এলাকায় পূজা মণ্ডপের দায়িত্ব দেওয়া হবে বিজিবিকে। তবে সারাদেশেই আনসার নিয়োগ দেওয়া হবে।

তিনি আরও বলেন, ঢাকায় একটা লাইন করে প্রতিমা বিসর্জন দিতে হবে। কার পরে কে বিসর্জন দেবে এর ধারাবাহিকতা থাকতে হবে। সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজা মণ্ডপ রয়েছ।

উপদেষ্টা বলেন, এবার পূজা আয়োজন কমিটি কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেনি। গতবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হয়েছিল। এবার আরও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হবে।

এটা হিন্দুসম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, তাদের মধ্যে যারা আমাদের সঙ্গে ছিলেন, তারা অঙ্গীকার করেছেন এটা খুবই ভালো হবে। আইনশৃঙ্খলা রক্ষার্থে তাদের যে একটা বড় ভূমিকা রয়েছে। ২৪ ঘণ্টা যাতে মণ্ডপ পর্যবেক্ষণে থাকে, সে জন্য দিনে তিনজন করে, রাতে চারজন করে থাকবেন। তারাও ২৪ ঘণ্টা মণ্ডপ পর্যবেক্ষণ করবেন, যাতে কোনো ধরনের সমস্যা না হয়।

তিনি বলেন, আমরা একটি নতুন অ্যাপ করে দিয়েছি, যাতে কোনো ঘটনা ঘটলে এটির মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করতে পারবে। পাশাপাশি, ঘটনার কোনো সত্যতা আছে কিনা, সেটাও যাচাই করে দেখা যাবে।