নির্বাচনি পরিবেশ নিয়ে উদ্বেগ, প্রধান উপদেষ্টাকে নানা পরামর্শ রাজনৈতিক নেতাদের

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:২৬ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বারবার আশ্বস্ত করলেও রাজনৈতিক দলগুলো নির্বাচনি পরিবেশ নিয়ে আশ্বস্ত হতে পারছে না। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তার কাছে এ নিয়ে উদ্বেগ জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দল।

পাশাপাশি নির্বাচনি পরিবেশ তৈরির জন্য সরকারকে আরও কঠোর হতে পরামর্শ দিয়েছেন এসব দলের নেতারা। কেউ কেউ কথা বলেছেন নির্বাচন পদ্ধতি নিয়ে। আওয়ামী লীগ সরকারের আমলের চিহ্নিত সন্ত্রাসী ও দোসরদের গ্রেপ্তার এবং প্রশাসনের দলবাজদের চাকরিচ্যুত করার বিষয়টিও জোর দিয়ে বলেন তারা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠন এ দিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে।

বৈঠক শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সাংবাদিকদের বলেন, বৈঠকে দুটি বিষয় প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে— একটি হলো নির্বাচনি পরিবেশ, অন্যটি বিচার ও সংস্কার।

সরকার প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে পারেনি উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, এ কারণে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রতিষ্ঠানগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। এতে নির্বাচনি পরিবেশ নিয়ে রাজনৈতিক মহলে অনিশ্চয়তা তৈরি হচ্ছে, উদ্বেগ তৈরি হচ্ছে।

জাতীয় ঐকমত্য কমিশনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ও নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে নির্বাচনের পরিবেশ সমন্বয় করার জন্য প্রধান উপদেষ্টাকে একটি কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়েছে বৈঠকে— এমনটিই জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী।