জাপা কেন্দ্রীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর-আগুন, ধাওয়া-পালটা ধাওয়া
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গণঅধিকার পরিষদসহ কয়েকটি দলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এর আগে সোয়া ৬টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় জাতীয় পার্টির কার্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙে হামলাকারীরা ভেতরে ঢুকে পড়েন। এ সময় তারা কার্যালয় থেকে কিছু প্রকাশনা ও নথিপত্র বের করে সড়কে বিছিয়ে সেগুলোতে আগুন লাগিয়ে দেন। কার্যালয় ভবনে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত এইচ এম এরশাদের ছবির ফলক ভেঙে দেওয়া হয়।
কেন্দ্রীয় কার্যালয় ঘিরে জাপার নেতাকর্মীরাও অবস্থান নেওয়ার চেষ্টা করেন। সেখানে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীও সেখানে নিরাপত্তা বলয় গড়ে তোলার চেষ্টা করে। তা ভেদ করেই হামলা ও পরে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়লে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, পুলিশ হামলাকারীদের ধাওয়া দিয়ে বিজয়নগর পানির ট্যাংক পর্যন্ত নিয়ে যায়। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশকে পালটা ধাওয়া দিলেও টিকতে না পেরে অলিগলি দিয়ে সরে যায়।
গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের হামলার ঘণ্টাখানেক পর জাপা কার্যালয়ে দ্বিতীয় দফা হামলার ঘটনা ঘটে। এ সময় ওই কার্যালয়ের উলটো দিকের গলি থেকে বের হয়ে এক দল ব্যক্তি আবার সেখানে হামলা চালায় ও আগুন দেয়।