সরকারের মধ্যের একটা শক্তিই গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে: মির্জা ফখরুল

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ১০:২৯ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

রিপোর্ট : তাজউদ্দীন আহমদ 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের মধ্যে একটা শক্তি গণতন্ত্রের পক্ষের শক্তির বিরুদ্ধে কাজ করছে। গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক, তারা চায় না। তিনি বলেন, ১০ মাসের মধ্যে নির্বাচন দিলে আজকের সমস্যাগুলো হতো না।

আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ ভাসানী জনশক্তি পার্টি এই সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, সরকারের ভেতরেই একটি মহল গণতন্ত্রকামী শক্তির বিরুদ্ধে কাজ করছেন ।সরকারকে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বলেন, ‘অতি দ্রুত সনদ সংস্কারের কাজ শেষ করুন, জটিলতা না বাড়িয়ে নির্বাচনের ব্যবস্থা করুন। এছাড়া কোনো বিকল্প নেই।’

মির্জা ফখরুল আরও বলেন, কিছু রাজনৈতিক মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করতে নিত্য নতুন দাবি তুলছে। যার সঙ্গে দেশের মানুষই পরিচিত নয়। এগুলো নিয়ে তাঁরা হুমকি দিচ্ছেন, বেশ জোরেশোরেই হুমকি দিচ্ছেন। তিনি বলেন, ‘বসে নেই কেউ...। যারা ফায়দা নিতে চায়, তারা বিভিন্নভাবে কাজ করছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই—বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। নির্বাচনের একটা তারিখ ঘোষণা হয়েছে। ৩১ দফাতেই সংস্কারের সবকিছু আছে। সংস্কার করার জন্য সব রকম সহযোগিতা করেছি। সরকারকে সহযোগিতা করেছি।’

এক বছরে কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি বলে হতাশা প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘যেদিকে তাকাই, দেখি বেশির ভাগ মানুষই নষ্ট হয়ে গেছে। দুর্নীতি, আর দুর্নীতি। যে পরিবর্তন আসার কথা ছিল, তা আসেনি। আরও দুর্ভাগ্যজনক যে রাজনৈতিক নেতারাও জড়িত হয়ে গেছে। আজকে বাংলাদেশকে বাঁচাতে আমাদের সবার এগিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘যারা ৭১ এ আমাদের মুক্তিযুদ্ধে যারা অপকর্ম করেছে, তারাই আজকে বড় বড় কথা বলছে। অনেক বেশি সজাগ থাকতে হবে। আমরা যদি মনে করি জিতে গেছি, তাহলে বিরাট ভুল হবে।’