ফরাসি জানলে কি আমাকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হতো— প্রশ্ন অমর্ত্য সেনের

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ১০:৫৭ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬

ভারতে জাতীয় ভোটার তালিকার সংশোধন (এসআইআর) এবং এর জের ধরে বাংলা ভাষাভাষীদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার খবরে উদ্বেগ ও উষ্মা প্রকাশ করেছেন দেশটির নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। পালটা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, ফ্রেঞ্চ ভাষা জানলে তাকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হতো কি না!

অমর্ত্য সেন বলেন, বাংলায় কথা বললে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কথা শোনা যাচ্ছে। আমি ফরাসি জানি না। জানলে কি আমাকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হতো? এটা চিন্তার বিষয়।

শুক্রবার (২২ আগস্ট) কলকাতার সল্টলেকের আইবি ব্লকে অমর্ত্য সেন গবেষণা কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বাঙালিত্ব নিয়ে অসহিষ্ণুতা প্রসঙ্গে উদ্বেগ জানান অমর্ত্য সেন। বলেন, এসআইআরের নামে ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া যায় না। এ বিষয়ে কোনো আলোচনার সুযোগ নেই।

অমর্ত্য সেন বলেন, দেশে বহু নাগরিকের প্রয়োজনীয় নথিপত্র নেই। তাই বলে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। কিছুটা ভালো করার অজুহাতে বড় রকম ক্ষতি করা উচিত নয়।

তাকে অবশ্য বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলে আপত্তি নেই বলেও রসিকতা করেন অমর্ত্য সেন। বলেন, আমাকে বাংলাদেশে পাঠালে আমার আপত্তি নেই। ঢাকায় আমাদের বাড়ি ছিল, পরিবারের শেকড়ও সেখানেই।

প্রতীচী ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে ‘ভারতের যুব সমাজ, তাদের যে সামাজিক সুযোগ থাকা উচিত’ বিষয়ে আলোচনা হয়। এ সময় অমর্ত্য সেনের দাদু ক্ষিতিমোহন সেনের লেখা ‘ভারতে হিন্দু–মুসলমানের যুক্ত সাধনা’ বইটির পুনর্মুদ্রণ প্রকাশিত হয়।