কক্সবাজার সফর, এনসিপির ৫ শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ১০:২৭ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

দলীয় অনুমতি না নিয়ে কক্সবাজার সফরে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর পাঁচ শীর্ষ নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে দলটি। বুধবার (৬ আগস্ট) যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া পাঁচ নেতা হলেন—দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

নোটিশে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস ও জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকীর দিন পাঁচ নেতা কেন্দ্রীয় পর্ষদের অনুমতি ছাড়াই কক্সবাজার সফর করেন। এই সফরের কারণ ও প্রেক্ষাপট ব্যাখ্যা করে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের কাছে লিখিত বক্তব্য দিতে বলা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিষয়টি দলীয় শৃঙ্খলার পরিপন্থী হিসেবে দেখা হচ্ছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে সংগঠনের নীতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে।