ওমান প্রবাসীকে আনতে গিয়ে প্রাণ গেল একই পরিবারের ৭ জনের
ওমান প্রবাসীকে ঢাকা বিমানবন্দর থেকে আনতে গিয়ে নোয়াখালীর বেগমগঞ্জে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই গাড়ির যাত্রী ছিলেন।
বুধবার (৬ আগস্ট) ভোর রাতে উপজেলার নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তারা সবাই ওমান প্রবাসী এক ব্যক্তিকে আনতে ঢাকায় গিয়েছিলেন। ঢাকা থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, হাইস মাইক্রোবাসে করে ঢাকা থেকে লক্ষ্মীপুরের দিকে ফিরছিলেন কয়েকজন। পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। কয়েকজন বের হতে পারলেও সাতজন ভেতরে আটকা পড়ে মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান বলেন, ওমান প্রবাসী এক ব্যক্তিকে আনতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছিল, তিনি বেঁচে আছেন। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি খাল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে আর কোনো মরদেহ নেই।