আগস্ট বর্ষপূর্তি’র সমাবেশ নিয়ে এনসিপি-ছাত্রদল মুখোমুখি

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ৯:১৫ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬

জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে একই দিনে রাজধানীতে বড় দুই সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে ছাত্রদলের সমাবেশ হবে শাহবাগ মোড়ে, এনসিপির সমাবেশ আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় শহিদ মিনারে।

সমাবেশ দুটি ঘিরে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। তবে রাজধানীর প্রাণকেন্দ্রে একই দিনে এমন বড় দুটি সমাবেশ কতটা নাগরিক ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে, তা নিয়ে শঙ্কায় রয়েছে ঢাকাবাসী।

কাছাকাছি অবস্থান ও সময়ে দুটি সমাবেশ ঘিরে অপ্রীতিকর কোনো পরিস্থিতির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। তবে এ ধরনের পরিস্থিতি দেখা দিলে তা সামাল দেওয়ার জন্য তারা প্রস্তুত বলেও জানিয়েছে। দুটি সমাবেশ বিবেচনায় নিয়ে নগরবাসীকে চলাচলের জন্য কিছু ডাইভারশন বা বিকল্প সড়ক ব্যবহার করতে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ রোববার (৩ আগস্ট) দুপুর আড়াইটায় ছাত্রদল ও বিকেল ৩টায় এনসিপির সমাবেশ শুরু হবে। ছাত্রদল বলছে, এটি হবে তাদের স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ। অন্যদিকে এনসিপি জানিয়েছে, তাদের সমাবেশ থেকে ‘নতুন বাংলাদেশে’র রূপরেখা হাজির করা হবে।

কেন্দ্রীয় শহিদ মিনারেই ৩ আগস্টের এই সমাবেশ আহ্বান করেছিল ছাত্রদল। সে অনুযায়ী পুলিশ-প্রশাসনের অনুমতিও নিয়েছিল। পরে এনসিপিও এ দিন সমাবেশ করার সিদ্ধান্ত নেয়। এক বছর আগে আজকের এই দিনেই কেন্দ্রীয় শহিদ মিনারের সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক (বর্তমানে এনসিপি আহ্বায়ক) নাহিদ ইসলাম সরকার পতনের এক দফার ডাক দিয়েছিলেন। সে কারণে এনসিপিও তাদের সমাবেশের জন্য শহিদ মিনারকেই নির্বাচন করে।

জাতীয় রাজনীতিতে সাম্প্রতিক সময়ে বিএনপি ও এনসিপির মধ্যে নানা ইস্যুতেই বিরোধ প্রকাশ্য। দুই দলের নেতারা বিবাদেও জড়িয়ে পড়েন মাঝে মাঝেই। তবে বিএনপির ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রদল শহিদ মিনারে সমাবেশ ইস্যুতে বড় ছাড় দেয়। এনসিপি অনুরোধ করলে ছাত্রদল তাদের সমাবেশস্থল পরিবর্তন করে শাহবাগে নিয়ে যায়। এনসিপি নেতারা এ জন্য ছাত্রদলকে ধন্যবাদও জানিয়েছেন। রাজনৈতিক অঙ্গনে একে ইতিবাচক সম্প্রীতির বার্তা হিসেবে দেখছেন অনেকে।

এনসিপির সমাবেশে আসছে নতুন বাংলাদেশের রূপরেখা

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রোববার শহিদ মিনারের সমাবেশে ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণার কথা জানিয়েছে এনসিপি। শনিবার বাংলামোটরে দলীয় কার্যালয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম নিজেই সংবাদ সম্মেলন করে সমাবেশের বিস্তারিত তুলে ধরেন।

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই পদযাত্রায় আমরা দেশের নানা প্রান্তে গিয়েছি, মানুষের কথা শুনেছি। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আগামীর বাংলাদেশের রূপরেখা ঘোষণা করা হবে আগামীকালের (রোববার) সমাবেশে।