আওয়ামী লীগের অপকর্মে কোনো ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৫ | আপডেট: ১০:২৬ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ কোনো অপকর্ম করতে চাইলেও কোনো ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আগামী ৫ আগস্ট ঘিরে দেশে নিরাপত্তা শঙ্কা আছে কি না—জানতে চাইলে উপদেষ্টা বলেন, "আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা যেভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন, তাতে কোনো শঙ্কা নেই।"

আওয়ামী লীগ গুপ্তভাবে কার্যক্রম চালাচ্ছে, সেখানে সেনাবাহিনীর একজন কর্মকর্তাও জড়িত। তাদের কার্যক্রম বন্ধে কি উদ্যোগ নেওয়া হয়েছে? এমন প্রশ্নে জাহাঙ্গীর বলেন, যে বাহিনীর যে-ই জড়িত থাকবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না।

আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা তদন্তের বিষয়। তদন্ত করলে সব জানা যাবে। "আপনারা (সাংবাদিক) সত্য ঘটনাটা প্রকাশ করেন। সত্য ঘটনা প্রকাশ করলে জনগণ উপকৃত হয় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়।"

উপদেষ্টা আরও বলেন, "মিডিয়া সত্য প্রচার করার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। আমি সবসময়ই বলে আসছি—আপনারা সত্য প্রচার করছেন বলেই বিদেশি মিডিয়াগুলোর টোন আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। তারা কিন্তু এখন আগের মতো সরব হতে পারছে না।"