হামলা করে আমাদের দমন করা যাবে না: নাহিদ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ন, ১৮ জুলাই ২০২৫ | আপডেট: ১০:২৭ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

কর্মসূচিতে হামলা চালিয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দমন করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, গোপালগঞ্জে আমাদের ওপর হামলা হয়েছে। কিন্তু আরও ১০ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জে এনসিপির পথসভায় দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে মুন্সীগঞ্জবাসীকে পাশে চান নাহিদ। মুন্সীগঞ্জের নদী ভাঙন, অবৈধ বালু দখলসহ নানা অনিয়ম বন্ধে কাজ করার আশ্বাস দেন তিনি।


বক্তব্যে সামনে আরেকটি লড়াই আসার আভাস দেন এনিসিপি আহ্বায়ক নাহিদ। এ জন্য কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে।

দেশ 'এখনো স্বাধীন হয়নি' মন্তব্য করে পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস বলেন, ফ্যাসিবাদ নির্মূল না হলে দেশ স্বাধীন হবে না। শুধু গোপালগঞ্জে নয়, যেখানেই ফ্যাসিবাদী সন্ত্রাসীরা থাকবে সেখানেই ঐক্যবদ্ধভাবে সবাইকে প্রতিরোধ করতে হবে।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবিলা করতে হবে। নেতানির্ভর নয়, নীতিনির্ভর রাষ্ট্র গড়ে তুলতে হবে।

আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হয়ে জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়বেন বলেও হুঁশিয়ারি হাসনাত।