১ জুলাই— ইতিহাসের একমাত্র ‘৩৬ দিনের মাসে’র সূচনাবিন্দু
১ জুলাই ২০২৪। ঠিক এক বছর আগের এই দিনেও স্বাভাবিক নিয়মে শুরু হয় জুলাই মাস। তবে এই জুলাই মাসটি ইতিহাসের সব জুলাইয়ের থেকে আলাদা। আর সব জুলাই ৩১ দিনে ফুরিয়ে গেলেও গত বছরের জুলাই ‘স্থায়ী হয়েছিল’ ৩৬ দিন।
ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণিপেশার সহস্রাধিক মানুষের আত্মত্যাগের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের আওয়ামী লীগের শাসনামলের পতনের মধ্য দিয়ে শেষ হয় এ মাস। বর্ষপঞ্জির পাতায় সেটি ৫ আগস্ট লেখা থাকলেও যে ছাত্র-জনতার গণআন্দোলনে পতন ঘটে ফ্যাসিস্ট শাসনের, সেই ছাত্র-জনতার হৃদয়ে দিনটি ৩৬ জুলাই হিসেবেই জেগে রয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে দেওয়া এই গণআন্দোলনের শুরুটা ছিল সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবি নিয়ে। গত বছরের জুন থেকেই রাজপথে নামতে শুরু করে শিক্ষার্থীরা, ৫ জুন হাইকোর্টের এক রায়ের মাধ্যমে যার সূত্রপাত
সেই আন্দোলনকে দুর্বার গতিতে এগিয়ে নিতে জুলাইয়ের প্রথম এই দিনটিতে আত্মপ্রকাশ করে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’, যা সপ্তাহ দুয়েকের মধ্যেই পরিণত হয় ছাত্র-জনতার কণ্ঠস্বরে। এর নেতৃত্বেই সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছাত্রদের আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। শেষ পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ১৬ বছরের শাসনামলের অবসান ঘটে।
২০১৮ সালেও তীব্র ছাত্র আন্দোলনের চাপে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিল করতে বাধ্য হয় সরকার। কিন্তু হাইকোর্টের রায়ে ৫৬ শতাংশ কোটা পুনর্প্রবর্তিত হয়, যেন মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারীদের জন্য ১০ শতাংশ, পশ্চাৎপদ জেলার জন্য ১০ শতাংশ, সংখ্যালঘুদের জন্য ৫ শতাংশ ও প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ বরাদ্দ করা হয়।
হাইকোর্টের রায়ে ২০১৮ সালের কোটা বাতিলের সরকারি প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করা হলে অসন্তোষ ছড়িয়ে পড়ে চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীদের মধ্যে। কোটাকে মেধাবীদের প্রতি বৈষম্য হিসেবে মনে করে প্রতিবাদে রাস্তায় নামে।