সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার
জাতীয় নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার হয়েছেন। বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতে দায়ের করা একটি মামলার ভিত্তিতে এ গ্রেপ্তার কার্যক্রম পরিচালিত হয়েছে।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে বিএনপি সম্প্রতি মামলা করে। গত ২২ জুন দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ মোট ২৪ জনকে আসামি করা হয়। মামলাটি দায়ের করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান (মামলা নম্বর-১১)। আসামিদের মধ্যে কাজী হাবিবুল আউয়ালের নামও রয়েছে।
ডিবি সূত্র জানিয়েছে, মামলার তদন্তের স্বার্থে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে।