কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড’ গ্রহণ ড. ইউনূসের

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ন, ১৩ জুন ২০২৫ | আপডেট: ১১:৪৭ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন। ২০২৪ সালের জুন মাসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে বসবাসকে উদযাপন করার জন্য এ পুরস্কার প্রবর্তন করেন।

এই পুরস্কার অধ্যাপক ইউনূসের ‘মানুষ, প্রকৃতি ও পরিবেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের নিশ্চয়তা প্রদান, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনা এবং একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও টেকসই বিশ্ব গঠনে তাঁর অনন্য অবদানের’ স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়েছে।

পুরস্কার গ্রহণকালে অধ্যাপক ইউনূস বলেন, ‘এটি একটি চমৎকার পুরস্কার’ এবং বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময়ে পাশে থাকার জন্য মহামান্য রাজাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‌‘এই পুরস্কার আমাদের কাজের স্বীকৃতি, যা দুর্বল জনগোষ্ঠীর উন্নয়নে আমরা করেছি এবং এটি সেই মূল্যবোধের প্রতিফলন, যা মহামান্য রাজাও ধারণ করেন।’

অধ্যাপক ইউনূস বলেন, ‘এটি আমাদের অবস্থান তুলে ধরার এক অসাধারণ উপায়। এটি বাংলাদেশের তরুণদের অনুপ্রাণিত করবে ‘তাদের স্বপ্নের দেশ গড়তে।’

পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে, রাজা চার্লস প্রধান উপদেষ্টাকে বাকিংহাম প্যালেসে ব্যক্তিগত সাক্ষাতের জন্য স্বাগত জানান। আধা ঘণ্টাব্যাপী একান্ত সাক্ষাতে তাঁরা পারস্পরিক আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।