মব করলেই ডেভিল ট্রিটমেন্ট— উপদেষ্টা মাহফুজের কঠোর হুঁশিয়ারি

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ন, ১০ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ১০:২৮ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

ছাত্র-জনতার নাম করে যারা ‘মব’ তৈরি করে নানা ধরনের ঘটনা ঘটাচ্ছে, তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পক্ষের হতে পারে না বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। এ ধরনের ‘মব’ যারা করছে, তাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

উপদেষ্টা বলেছেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কারও কাজ না। ফলে এরপর থেকে কেউ ‘মব’ তৈরি করে আইন নিজের হাতে তুলে নিলে তাকে ‘ডেভিল’ হিসেবে বিবেচনা করা হবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টা ৩৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে এমন হুঁশিয়ারি দিয়েছেন মাহফুজ।

স্ট্যাটাসে উপদেষ্টা লিখেছেন, ‘অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন। আর যদি মব করেন, তাইলে আপনাদেরও ডেভিল হিসাবে ট্রিট করা হবে। আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেওয়া।’

স্ট্যাটাসে ‘ডেভিল’ বলার মাধ্যমে উপদেষ্টা ‘অপারেশন ডেভিল হান্ট’ প্রসঙ্গটিও এনেছেন। শনিবার থেকে এই অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রকে অস্থিতিশীল করে তোলার কর্মকাণ্ডে যার জড়িত, এই অভিযানের মাধ্যমে তাদের ধরা হবে। মাহফুজের ঘোষণা অনুযায়ী, এখন থেকে যারা ‘মবে’র সঙ্গে জড়িত থাকবে, তাদেরও অপারেশন ডেভিল হান্টের অধীনে আইনের আওতায় আনা হবে।

তরুণ উপদেষ্টা মাহফুজ তার হুঁশিয়ারির স্ট্যাটাসটি এমন সময়ে দিয়েছেন, যার ঘণ্টা দুয়েক আগেই অমর একুশে বইমেলায় প্রকাশনা সংস্থা সব্যসাচীর স্টলে হামলা হয়েছে। নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের বই কেন স্টলে রাখা হয়েছে, হামলার ক্ষেত্রে এটিই ছিল অভিযোগ।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি রাতে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার অনলাইনে ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ঘোষণা দিয়ে হামলা চালানো হয়। ভাঙচুর, অগ্নিসংযোগের পর এক্সক্যাভেটর, বুলডোজার, ক্রেন দিয়ে বাড়িটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়।