শিক্ষার্থীদের বেঁধে দেয়া সময়ের মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়া সম্ভব: রিজওয়ানা হাসান
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শিক্ষার্থীদের বেঁধে দেয়া সময়ের মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়া সম্ভব । বুধবার (১ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, যেকোনো অভ্যুত্থানের পর এমন ঘোষণাপত্র স্বাভাবিক। সরকার চেয়েছে তাদের মাধ্যমে দেয়া হোক। সবার সঙ্গে কথা বলার প্রক্রিয়া শুরু হয়েছে। ছাত্ররাও চাচ্ছে সবার ঐকমত্য। ১৪ দিনের মধ্যে সম্ভব।
সংস্কার নিয়ে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, বিএনপি বলেছে সংস্কারের দরকার আছে, তারাও লিখিত মত দিচ্ছেন। তবে সংস্কার কতটা ব্যাপক হবে, তা নিয়ে আলোচনা চলছে। কেউ বলছে মৌলিক সংস্কার আগে, কেউ বলছে নির্বাচন কিন্তু সরকারের কাছে সবই গুরুত্বপূর্ণ।
গত ২৯ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে ৩১ ডিসেম্বর ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের কথা বলেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে সোমবার (৩০ ডিসেম্বর) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম বলেন, সরকারই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবে।