দুই মাসের মধ্যে বাংলাদেশে নতুন রাজনৈতিক দল আসবে: সারজিস আলম

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১০:২৮ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম জানিয়েছেন, জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হবে না। রেজিস্ট্রেশনপ্রাপ্ত যেমন দল হয়, এ রকম হবে না। কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি। দুটির মধ্যে অনেক পার্থক্য আছে। দল যেমন রেজিস্ট্রেশন নম্বর নিয়ে আত্মপ্রকাশ করে, সরাসরি রাজনীতিতে অংশ নেয়, নির্বাচনে যায়। কিন্তু রাজনৈতিক শক্তি যেটি করবে, এটি লিডারশিপ তৈরি করবে আগামীর বাংলাদেশে। সেটা হতে পারে পলিটিক্যাল লিডারশিপ, হতে পারে অর্গানাইজেশনাল লিডারশিপ, হতে পারে ভলান্টিয়ারিং লিডারশিপ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে জাতীয় নাগরিক কমিটির ‘পঞ্চগড় রাইজিং’ অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আসা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 


সারজিস আলম বলেন, বিগত অভ্যুত্থান সর্বশেষ যে জায়গায় গিয়ে শেষ হয়েছে, তা শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সেখানে ছাত্রসহ সব বয়সের মানুষ  অংশ নিয়ে ছিল। এই অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার তাগিদে এবং আগামীর বাংলাদেশে অভ্যুত্থানের যে ডিমান্ড, সেগুলো পূরণ করার জন্য যারা নাগরিক আছেন, এখানে নাগরিক যে অর্থে বোঝানো হচ্ছে যে ছাত্রজীবন শেষ হওয়ার পর যে সময়টা বা কেউ পড়াশোনা ছেড়ে দিয়ে কর্মক্ষেত্রে চলে গেছেন, এমন ৫০ বছর বয়স পর্যন্ত যে মানুষগুলো। এই মানুষগুলোকে একটি প্ল্যাটফর্মে আনার প্রয়োজন হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরই সিনিয়র-জুনিয়র মিলে কয়েকজন ভাই-বন্ধু আরেকটা প্ল্যাটফর্মের দায়িত্ব নেন। যেটি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি।