মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণ: কিশোর গ্যাং নির্মূলে ১৫ দিনের আল্টিমেটাম
মিরপুর, ঢাকা | ২০ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে বাংলা টেলিভিশনের সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কিশোর গ্যাংয়ের আস্তানা আগামী ১৫ দিনের মধ্যে নিশ্চিহ্ন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আল্টিমেটাম দেওয়া হয়েছে।
রোববার দুপুরে রাজধানীর মিরপুর গোলচক্কর এলাকায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ আল্টিমেটাম ঘোষণা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর।
সমাবেশে আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনা শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, এটি সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সাংবাদিকরা বারবার হামলা, নির্যাতন ও গুলিবর্ষণের শিকার হলেও তাদের নিরাপত্তায় কার্যকর আইন না থাকায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে বিচার দাবি করতে হচ্ছে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি কার্যকর সাংবাদিক সুরক্ষা আইন প্রয়োজন। সরকার পরিবর্তন হলেও সাংবাদিকদের নিরাপত্তা ও কল্যাণে কার্যকর আইন প্রণয়নের উদ্যোগ দৃশ্যমান হয়নি বলে তিনি অভিযোগ করেন। আগামী ৮ নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে গুলিবর্ষণের শিকার সাংবাদিক প্রান্ত পারভেজও বক্তব্য দেন। এ সময় তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম, ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি আমিরুজ্জামান আমির, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতা মীর আলাউদ্দিন, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী শরীফ নেওয়াজ লালন, সহ-সভাপতি আনিসুল হক ক্লিপটন, মিরপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মারুফ হায়দার, মোশাররফ হোসেন মনা, ভুইঁয়া কামরুল ইসলাম সোহাগ, মর্তুজা পাপ্পু ও এস এম আর শহীদ প্রমুখ।
সমাবেশটি সঞ্চালনা করেন মিরপুর প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রেজাউল করিম রেজা।
বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং মিরপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনার দাবি জানান।