স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে পৌঁছে তিন বাহিনীর বিশেষায়িত ফোর্সের সমন্বয়ে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন তিনি।
প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে স্বর্ণদ্বীপে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী তিন বাহিনীর সমন্বিত সামরিক সক্ষমতা, আধুনিক যুদ্ধকৌশল এবং বিশেষ অভিযান পরিচালনার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো আয়োজিত এ বিশেষ যৌথ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করবে।
মহড়ায় তিন বাহিনীর বিশেষায়িত সদস্যরা সমন্বিতভাবে বিভিন্ন চ্যালেঞ্জিং সামরিক অভিযান ও বিশেষ অপারেশনের কৌশল প্রদর্শন করবেন। এর মাধ্যমে তিন বাহিনীর পারস্পরিক সমন্বয়, দ্রুত অভিযান পরিচালনা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় যৌথ সক্ষমতার বিষয়টি তুলে ধরা হবে।
এ ছাড়া প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করবেন। পাশাপাশি অনুশীলনস্থলে উপস্থিত তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ এবং তাঁদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।
মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
সংশ্লিষ্টরা মনে করছেন, তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর অংশগ্রহণে এ ধরনের যৌথ মহড়া দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, আধুনিক সামরিক কৌশল আয়ত্ত এবং আন্তবাহিনী সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।