নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী
নতুন মজুরি বোর্ডের মাধ্যমে তৈরি পোশাক খাতের শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রবিবার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘দ্বিতীয় আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা সম্মেলন ২০২৬’-এ তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন ও কানাডার সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
শ্রমমন্ত্রী বলেন, গার্মেন্টস খাতে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে। আগামী এক বছরের মধ্যে মালিক ও শ্রমিকদের একই পরিবেশে দেখতে চাই।
তিনি বলেন, গবেষক, নীতিনির্ধারক, মালিক ও শ্রমিকদের একসঙ্গে কাজ করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে এ সম্মেলন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কর্মপরিবেশের নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, পেশাগত রোগ, রাসায়নিক পদার্থের প্রভাব এবং নারী ও তরুণ শ্রমিকদের নিরাপত্তা নিয়ে গবেষণা জরুরি। এসব গবেষণার ফলাফল দেশের শ্রমনীতি প্রণয়ন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফ) পরিদর্শন কার্যক্রম এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণ কর্মসূচিকে কার্যকর করতে সহায়তা করবে।
শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণা ও তথ্যভিত্তিক শ্রমনীতি প্রণয়ন, পরিদর্শন কার্যক্রম জোরদার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং নারী, তরুণ ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি পেশাগত দুর্ঘটনা ও রোগ প্রতিরোধে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং সরকার, মালিক, শ্রমিক ও উন্নয়ন সহযোগীদের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।